নীলফামারীতে যুবসমাজের অংশগ্রহণে ‘সমতায় তারুণ্য প্রজেক্ট’-এর উদ্যোগে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জেলা শহরের জোড়দরগা এলাকায় ইউএসএস কার্যালয়ে নতুন অনুপ্রেরণা যুব অ্যাসোসিয়েশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএসএসের নির্বাহী পরিচালক সভার উদ্বোধন করেন। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের প্রশিক্ষক সত্যেন্দ্র নাথ রায়, দোস্ত এইড বাংলাদেশের নীলফামারী ইনচার্জ আব্দুল জব্বার এবং নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম।
নতুন অনুপ্রেরণা যুব অ্যাসোসিয়েশনের সভাপতি ছবি রানী রায়ের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মারুফ খান। সভায় স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, সক্ষমতা বৃদ্ধি, জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এতে ৩০ জন যুব অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সামাজিক পরিবর্তন সম্ভব। পড়াশোনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে তরুণদের প্রত্যক্ষ অংশগ্রহণ বাড়লে সমাজের বিভিন্ন অসংগতি দূর করা সহজ হবে।
তারা আরও বলেন, বাল্যবিবাহ, নির্যাতন ও জেন্ডার বৈষম্য প্রতিরোধে তরুণদের সচেতন ভূমিকা রাখতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনেও অবদান রাখা সম্ভব।




