নিজের ও সন্তানদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন নারী উদ্যোক্তার

নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা, রেস্টুরেন্ট ভাঙচুরের বিচার এবং সাবেক স্বামী কর্তৃক হত্যার হুমকি থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নারী উদ্যোক্তা নাসরীন জাহান নাজ।

আজ ২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে উত্তরায় তার মায়ের নিজ বাসভবন ১০ নং সেক্টরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বিবাহবিচ্ছেদের পর থেকে তাী সাবেক স্বামী আবু সাঈদ মোহাম্মদ হায়দার তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁর কয়েক কোটি টাকা বিনিয়োগে গড়ে তোলা রেস্টুরেন্টও ভেঙে ফেলা হয়েছে। সাংবাদিকদের সামনে নিজের অসহায়ত্ব ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন নাসরীন জাহান নাজ। তিনি নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তিনি জানান, গত ১১ সেপ্টেম্বর তাঁর সাবেক স্বামী তাঁকে মেয়ের সঙ্গে দেখা করার জন্য মালয়েশিয়ায় পাঠান। পরে পরিকল্পিতভাবে তাঁকে সেখানে পাঠানোর পর তালাকের নোটিশ দেওয়া হয়। মালয়েশিয়া থেকে মেয়েকে নিয়ে দেশে ফেরার পর তাঁকে বাসায় ঢুকতে দেওয়া হয়নি। তাঁর পাসপোর্ট ও গাড়িও আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

গত ২১ সেপ্টেম্বর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই সাবেক স্বামী তাঁকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন বলে দাবি করেন নাসরীন।

নিজের পায়ে দাঁড়াতে রাজধানীর তুরাগ থানাধীন ১৭ নম্বর সেক্টরের এভিনিউ-৬-এ একটি রেস্টুরেন্ট গড়ে তোলেন তিনি। দিয়াবাড়ী এলাকায় রেস্টুরেন্টটি নির্মাণে কয়েক কোটি টাকা বিনিয়োগ করেছেন বলেও জানান এই নারী উদ্যোক্তা।

নাসরীনের ভাষ্য, রেস্টুরেন্টের জন্য সাবেক স্বামীর কাছ থেকে লিখিত চুক্তির মাধ্যমে ছয় কাঠা জমি ভাড়া নেন তিনি। পাশাপাশি তিন কাঠা জমি নিজের কেনা। এই জমিতে ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।

তাঁর অভিযোগ, কোনো লিখিত নোটিশ না দিয়েই তাঁকে মালয়েশিয়ায় পাঠিয়ে সাবেক স্বামী রেস্টুরেন্টটি ভেঙে ফেলেছেন। সেখানে কর্মরত কর্মচারীদের ভয়ভীতি ও হুমকিও দেওয়া হচ্ছে। গত ১৪ অক্টোবর সকাল আনুমানিক ১০টার দিকে তাঁর সাবেক স্বামী তাঁকে ও রেস্টুরেন্টের কর্মচারীদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

এ ঘটনায় গত ১৫ অক্টোবর তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নাসরীন। জিডি নম্বর ১০৬১। পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে নাসরীন বলেন, একজন নারী হিসেবে তিনি নিরাপদে বাঁচতে চান। নিজের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা চালিয়ে জীবিকা নির্বাহ করতে চান। কিন্তু এখন নিজের ও সন্তানদের নিরাপত্তা নিয়েই তাঁকে শঙ্কায় থাকতে হচ্ছে।

তিনি বলেন, তাঁর রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চান। একই সঙ্গে নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের কাছে আবেদন জানান।

এ সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নাসরীন জাহান নাজ তাঁর ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top