দেলদুয়ারে কারুশিল্প উন্নয়ন কর্মশালা

টাঙ্গাইলের দেলদুয়ারে অনুষ্ঠিত হয়েছে কারুশিল্প উন্নয়ন কর্মশালা। ১২ সেপ্টেম্বর শনিবার উপজেলার ডুবাইল ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বাঁশ ও বেতের বিভিন্ন ধরনের কারুশিল্প তৈরির কৌশল হাতে-কলমে শেখানো হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের বাঁশ ও বেত দিয়ে নিত্যপ্রয়োজনীয় ও সৌন্দর্যবর্ধক বিভিন্ন সামগ্রী তৈরির পদ্ধতি দেখিয়ে শেখানো হয়।
বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াস মিয়া। সমন্বয়ক শাহ্ আলম মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন জাতীয় কারুশিল্প পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম,উদ্যোক্তা মো.শাকিল মিয়া ও মো.সুমন মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে জড়িত বাঁশ ও বেতের কারুশিল্প দেশের সংস্কৃতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে কারুশিল্পীদের দক্ষতা বৃদ্ধি এবং ঐতিহ্যবাহী এ শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ও পুরুষ কারুশিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে স্থানীয় কারুশিল্পীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top