দীর্ঘ ৩০ বছর পর দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন, শুরু ভোটার তালিকা প্রণয়ন

নির্বাচনকে সামনে রেখে বাজারের ব্যবসায়ী ও ঘর মালিকদের ভোটার তালিকা প্রণয়ন ও তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচন পরিচালনা কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ অক্টোবর ২০২৬, রবিবার থেকে দক্ষিণ আইচা বাজারের ব্যবসায়ী ও ঘর মালিকদের ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হবে। সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে ভোটার ফরম সংগ্রহ করে ভোটার হওয়ার জন্য আবেদন করতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত ভোটার ফরম সংগ্রহ করা যাবে।
ভোটার হওয়ার ক্ষেত্রে শর্ত হিসেবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জমা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কেউ ভোটার হতে না পারলে পরবর্তীতে কোনো ধরনের আপত্তি গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভোটার তালিকা প্রণয়ন ও তথ্য সংগ্রহের জন্য দক্ষিণ আইচা বাজারকে চারটি ইউনিটে ভাগ করা হয়েছে।
ইউনিট-১: জিরো পয়েন্ট থেকে পশ্চিমের থানা ব্রিজ পর্যন্ত এলাকার দায়িত্বে রয়েছেন প্রভাষক মো. ইলিয়াস হোসেন ও মো. খোরশেদ আলম মিয়া।
ইউনিট-২: জিরো পয়েন্ট থেকে দক্ষিণ শেষ বাজার পর্যন্ত এলাকার দায়িত্বে রয়েছেন ডা. মো. ফরিদ উদ্দিন, মাও. মো. নূরে আলম ও মাও. মো. মহিউদ্দিন বাশার।
ইউনিট-৩: জিরো পয়েন্ট থেকে সওদি হাসপাতাল রোড বাজার পর্যন্ত এলাকার দায়িত্বে রয়েছেন প্রভাষক মো. মিজানুর রহমান, প্রভাষক মো. কবির হোসেন ও ডা. মো. মিজানুর রহমান হাওলাদার।
ইউনিট-৪: ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিণ বাজার হয়ে উত্তরের শেষ বাজার পর্যন্ত এলাকার ভোটার তালিকা প্রণয়ন ও তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করবেন মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদার ও ডা. আঃ রহিম।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে বাজারের ব্যবসায়ী ও ঘর মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
দীর্ঘ সময় পর নির্বাচন আয়োজনের উদ্যোগকে ঘিরে দক্ষিণ আইচা বাজারের ব্যবসায়ী ও ঘর মালিকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে নির্বাচন আয়োজনের পরবর্তী ধাপ, ভোটগ্রহণের তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পর্কে নির্বাচন পরিচালনা কমিটির পরবর্তী বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।
সূত্র: দক্ষিণ আইচা বাজার নির্বাচন পরিচালনা কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top