দিন শেষে ৯৯ অপরাজিত, সাদমান ছাড়া আর কেবল চারজনের এমন কপাল

তখন ৯৬ রানে অপরাজিত সাদমান ইসলাম। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হলো। প্রায় ঘণ্টাখানেক পর আবার মাঠে ফিরলেন ক্রিকেটাররা। মোমেন্টাম ব্রেকে সেঞ্চুরিটাই না ভেস্তে যায় সে আলোচনাও ততক্ষণে শুরু হয়েছে প্রেসবক্সে!
খেলা শুরু হতেই চার ওভারে তিন রান যোগ করে ৯৯-এ পৌঁছালেন সাদমান। কিন্তু নাটক তখনো বাকি! আবারও আলোকস্বল্পতা, আবারও খেলা বন্ধ। এবার মাঠ ছাড়ার সময় সাদমানের মুখে হাসি, অথচ সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে দাঁড়িয়ে থাকা ব্যাটারের সেই হাসিতে আনন্দের চেয়ে আক্ষেপই যেন বেশি।
এরপর আর খেলা শুরু করা যায়নি। কিছুক্ষণ পর দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। সেঞ্চুরির এত কাছে গিয়েও দিন শেষ করতে হলো সাদমানকে! তাতে অবশ্য বিরল এক রেকর্ডের অংশ হয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট শুরু হয়েছে বুধবার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে এই সিরিজে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। এমন ম্যাচে দিনের শুরুতে সঙ্গী তানজিদ হাসান তামিমকে হারান সাদমান।
এরপর দ্বিতীয় উইকেট জুটিতে মুমিনুল হককে নিয়ে গড়েন ৫৯ রানের জুটি। ইনিংসের ১৬তম বলে প্রথম রানের দেখা পেয়েছিলেন। তবে সময় যত গেছে তত সাবলীল হয়েছেন। ৯৪তম বলে ফিফটি পূর্ণ করেন তিনি। মাঝে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারান, এরপর চোট নিয়ে মাঠ ছাড়েন তাওহীদ হৃদয়।
দিন শেষের আগে তার সঙ্গী ছিলেন লিটন কুমার দাস। অন্য প্রান্তে সঙ্গী বদল হলেও সাদমান ঠিকই সাবলীলভাবে ব্যাটিং করে গেছেন।
কিন্তু প্রথম দিনে আর সেঞ্চুরি পূর্ণ করা হয়নি সাদমানের। দিন শেষে তার নামের পাশে অপরাজিত ৯৯! তবে এই অনাকাঙ্খিত দিনের শেষে বিরল ঘটনার সাক্ষী হয়েছেন। এর আগে কোনো টেস্ট ম্যাচের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন ৪ জন ব্যাটার, পঞ্চম ব্যাটার হিসেবে এই তালিকায় নাম লেখালেন সাদমান।
২০২৫ সালের ১৯ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। একই বছরের ১০ জুলাই ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ডের জো রুট।
এর আগে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি। এছাড়া ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষেই ক্রাইস্টার্চ টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ডের ব্যাটার ডেভিড কনওয়ে ৯৯ রানে অপরাজিত ছিলেন।
তবে সাদমানের জন্য স্বস্তির কথাও আছে। এখন পর্যন্ত আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা কেউই পরের দিন সেঞ্চুরি হাতছাড়া করেননি। ফলে সাদমান কাল সেঞ্চুরি হাতছাড়া করলে সেটিও রেকর্ডই হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়াতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শেষের একটি বগি লাইনচ্যুত ,ঢাকার সাথে উত্তর অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে নীল সাগর ট্রেনটি পেছনের একটি বগি লাইনচ্যুত

Scroll to Top