সিলেটের গোয়াইনঘাটে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. জাহিদ খানের সভাপতিত্বে এবং বিএসসি শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল, বিদ্যালয়ের অধ্যক্ষ মো. সরোয়ারদী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জিয়ারত খান, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আজির উদ্দিন সরকার, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য আবুল হাসনাতসহ রাজনৈতিক ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা। অর্জিত মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।




