কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে সমুদ্রে গোসল করতে নেমে ছিদ্দিক (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে সুগন্ধা সী-গার্ল হোটেলের সামনে সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ছিদ্দিক কক্সবাজার হোটেল আল্-গণি, কলাতলী শাখার কর্মচারী বলে জানা যায়। টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লক-৯ এর বাসিন্দা ছিদ্দিক।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সমুদ্রে গোসল করতে নামার পর ছিদ্দিক পানিতে নিখোঁজ হন।
নিখোঁজ কিশোরকে উদ্ধারে সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সিদ্দিককে উদ্ধারে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন তার স্বজন ও সহকর্মীরা।
অন্যদিকে আল্-গণির মতো একটি সুনামধন্য প্রতিষ্ঠানে কিভাবে একজন রোহিঙ্গা কিশোর চাকরি করতে পারে। সেই বিষয়ে নানা প্রশ্ন উঠেছে।




