ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নেশাগ্রস্ত অবস্থায় বাবাকে মারধরের অভিযোগে ওলীউল্ল্যাহ নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত মহেশপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, এ সময় ওলীউল্ল্যাহকে নেশাগ্রস্ত অবস্থায় তার বাবাকে মারধররত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ৫০ টাকা অর্থদণ্ড করা হলে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, “মাদকাসক্ত অবস্থায় পরিবারের সদস্যদের ওপর নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্টের মাধ্যমে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”




