ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের অভিযানে ৯৫ হাজার টাকা জরিমানা

কক্সবাজার ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনা, ফুটপাত দখল এবং সড়ক দখল করে অবৈধভাবে ট্রাক পার্কিংসহ বিভিন্ন অপরাধে তিনটি বেকারিসহ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজার, ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়া এবং জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।

 

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে ফকিরা বাজারের আর রহমান বেকারি, জাগির পাড়ার আনন্দ বেকারি এবং সওদাগর পাড়ার নিউ ঢাকা বেকারিকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।

 

অপরদিকে, ঈদগাঁও বাজারে ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৮(৪) ধারায় দুই ব্যক্তিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া ঈদগাঁও বাজারের প্রধান সড়ক দখল করে অবৈধভাবে ট্রাক পার্কিংয়ের মাধ্যমে মালামাল ওঠানামা ও আনলোড করার দায়ে কামাল উদ্দিনের মুদির দোকানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসব জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

 

অভিযান চলাকালে ঈদগাঁও থানার পুলিশ সদস্য ও আনসার সদস্যদের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং ঈদগাঁওয়ের যানজট নিরসনে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

একই সঙ্গে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে ও আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ফুটপাত ও সড়ক দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top