ঢাকার, আশুলিয়া থানাধীন, জামগড়া ছয়তলা, এলাকায় বিভিন্ন দোকানে জাল টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার অভিযোগে বিউটি নামের এক নারীকে আটক করেছেন স্থানীয় দোকানদার ও সাধারণ জনগণ।
স্থানীয় দোকানদারদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ওই নারী জামগড়া ছয়তলা এলাকার বিভিন্ন দোকানে কেনাকাটা করে আসছিলেন। প্রথমদিকে দোকানদাররা বিষয়টি বুঝতে না পারলেও পরবর্তী সময়ে তাঁর দেওয়া টাকার সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে দোকানদাররা তাঁকে নজরদারিতে রাখেন।
অভিযোগ রয়েছে, ওই নারী বিভিন্ন দোকানে জাল নোট দিয়ে চাল, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন সামগ্রী কেনাকাটা করতেন। কেনাকাটার সময় দ্রুত টাকা ভাঙিয়ে নেওয়ার তাগিদ দিতেন বলেও জানান দোকানদাররা। এতে তাঁদের সন্দেহ আরও বেড়ে যায়।
স্থানীয়দের দাবি, কয়েক দিন ধরে এভাবে কেনাকাটার পর দোকানদার ও এলাকাবাসী তাঁকে আটক করেন। তাঁদের অভিযোগ, এভাবে বিভিন্ন দোকানে প্রায় পাঁচ হাজার টাকার জাল নোট লেনদেন করেছেন ওই নারী। পরে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আটক নারী নিজের নাম বিউটি বলে পরিচয় দেন। তিনি জানান, তিনি একটি বিউটি পার্লারে কাজ করেন, যার নাম তামান্না বিউটি পার্লার। তবে পার্লারের ঠিকানা ও মালিকের যোগাযোগের তথ্য জানতে চাইলে প্রথমে তিনি বিস্তারিত তথ্য দিতে পারেননি।
পরবর্তীতে সাংবাদিকরা তাঁর কাছ থেকে পার্লারের মালিকের মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন। পার্লারের মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, তামান্না বিউটি পার্লার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে এবং বিউটি নামের ওই নারীকে তিনি চেনেন। তবে পার্লারের অবস্থান সম্পর্কে ওই নারী ও মালিকের দেওয়া তথ্যে কিছুটা অমিল পাওয়া যায়।
সাংবাদিকদের কাছে ওই নারী নিজের গ্রামের বাড়ি বরিশাল জেলার ,উজিরপুর থানা,গ্ৰাম কাতুয়া, পিতা দুসাই কুমার বলে জানান। বর্তমানে তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন এবং বিউটি পার্লারে কাজ করেন বলে দাবি করেন।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাঁর কাছে কথিত জাল নোট কীভাবে এসেছে, কার কাছ থেকে তিনি এসব নোট সংগ্রহ করেছেন এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না—এসব প্রশ্নের সন্তোষজনক উত্তর এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় দোকানদার ও সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, জাল নোটের উৎস শনাক্ত করা না গেলে এ ধরনের প্রতারণা আরও ছড়িয়ে পড়তে পারে।
সাংবাদিকদের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ:
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আটক নারীর দেওয়া তথ্য যাচাই, কথিত জাল নোটের উৎস শনাক্ত এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।
একই সঙ্গে আটক নারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।
জাল নোটের উৎস কোথায়, কারা এর সঙ্গে জড়িত এবং কীভাবে এসব নোট সাধারণ মানুষের হাতে পৌঁছাচ্ছে—এখন এসব প্রশ্নের উত্তর খুঁজছেন স্থানীয়রা।




