সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা: দুর্ভোগে সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

সামান্য বৃষ্টিতেই পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়-এর সামনের সড়কটি জলাবদ্ধ হয়ে পড়ছে। কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হয়ে রাস্তাজুড়ে হাঁটুপানি জমে থাকে। ফলে প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টিতেই পুরো সড়কটি যেন একটি অস্থায়ী জলাশয়ে পরিণত হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন নোংরা ও দূষিত পানি মাড়িয়ে স্কুলে প্রবেশ করতে হচ্ছে। এতে ইউনিফর্ম, জুতা ও শিক্ষা উপকরণ ভিজে নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। অনেক শিক্ষার্থীকে ভেজা পোশাকেই দীর্ঘ সময় শ্রেণিকক্ষে অবস্থান করতে হয়, যা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছে।
এদিকে সড়কে যানবাহন চলাচলের সময় দ্রুতগতির যান থেকে পানি ছিটকে শিক্ষার্থীদের গায়ে পড়ছে। একই সঙ্গে পানির নিচে থাকা গর্ত বা ভাঙা অংশ চোখে না পড়ায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ছোট শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।
স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এমন জলাবদ্ধতা শুধু যাতায়াতের সমস্যা নয়, এটি শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং নিরাপত্তার জন্যও বড় হুমকি। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, প্রয়োজনীয় সংস্কার এবং স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ না করলে আগামী বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, অভিভাবক ও বিদ্যালয় সংশ্লিষ্টরা। তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিদ্যালয়ের সামনের সড়কের জলাবদ্ধতা দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top