বাংলাদেশ মহিলা পরিষদ, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মাস উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি ড. কামরুন নেসা আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড. সাকিনা আলম লিজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাদাৎ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি এ্যাড. মিজানুর রহমান মুবিন, গ্রীণফোর্স ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ কামরুল আহসান, ঝালকাঠি জেলা জজ আদালতের এজিপি ও নারী নেত্রী এ্যাড. মোর্শেদা বেগম এবং পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হামিদা খাতুন।
সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারী নেত্রী ফারজানা ইয়াসমিন, নলছিটি উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা কলি, নারী নেত্রী লাভলী আক্তার, নারী উদ্যোক্তা সোনিয়া আক্তার, সিমালা খানম, নারী নেত্রী সুমি, সারমিন, কনা আক্তার, জেএনজির প্রতিনিধি সানিহা সৃষ্টি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহাদাৎ হোসেন বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ সমাজ গঠনে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। নারীরা যাতে পরিবার, সমাজ ও রাষ্ট্রে মর্যাদার সঙ্গে নিজেদের অধিকার ভোগ করতে পারেন, সে পরিবেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতা, বিভিন্ন ধরনের নির্যাতন এবং সামাজিক ও পারিবারিক নিরাপত্তাহীনতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। নারীর অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ এবং নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় নারীর অধিকার, মানবাধিকার, নারী নির্যাতন প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ মহিলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।



