শ্রীপুরে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় এজাহার

গাজীপুরের শ্রীপুরে এক ব্যক্তির জমি দখলের চেষ্টার পাশাপাশি তাকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবুল কালাম।
​লিখিত অভিযোগে আবুল কালাম উল্লেখ করেন, শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব খণ্ড এলাকায় অবস্থিত একটি জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযুক্তরা তাঁর বংশীয় লোক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে জমিটি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে নানা ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে আসছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে আবুল কালাম নিজ জমিতে কাজ করতে গেলে অভিযুক্তরা অজ্ঞাতনামা কয়েকজনসহ দেশীয় অস্ত্র (দা, লাঠি ও লোহার রড) নিয়ে অনধিকার প্রবেশ করে। একপর্যায়ে তারা জোরপূর্বক জমিতে নির্মাণকাজ শুরুর চেষ্টা চালায়।
​ভুক্তভোগী আবুল কালাম বলেন, “বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে তারা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে আমার ওপর হামলা চালানোর চেষ্টা করলে আমি দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করি।”
​তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে ওই জমিতে গেলে তাঁকে হত্যা করে লাশ গুম করা এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করার পর তিনি শ্রীপুর মডেল থানায় আইনগত প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ জমা দেন।
​তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত লোকমান হোসেন দাবি করেন, “আমি কারও জমি দখল করতে যাইনি। এটি আমার নিজস্ব জমি এবং আমি আমার জমিতেই কাজ করছিলাম। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।”
​এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, “অভিযোগপত্রটি পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরে এনসিপির ঢাকা বিভাগ উত্তরের মতবিনিময় সভা: সাংগঠনিক অগ্রগতি ও নির্বাচনমুখী পরিকল্পনা প্রণয়ন

সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচন কেন্দ্রিক সুনির্দিষ্ট

Scroll to Top