ফোন ধরেন না ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা, তথ্য পেতে সাংবাদিকদের বিড়ম্বনা

​ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের ফোন না ধরা এবং খুদে বার্তার (মেসেজ) জবাব না দেওয়ার অভিযোগ উঠেছে। দায়িত্বশীল এই সরকারি কর্মকর্তার সাড়া না পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা, প্রশাসনিক কার্যক্রম এবং জনস্বাস্থ্যবিষয়ক বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহে বিড়ম্বনায় পড়ছেন স্থানীয় সাংবাদিকরা।
​স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান, ওষুধ সরবরাহ, সরকারি স্বাস্থ্য কর্মসূচি এবং নানা অনিয়ম-অভিযোগের বিষয়ে জানতে সংশ্লিষ্ট কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেন না। পরবর্তীতে বিষয় জানিয়ে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায় না।
​সাংবাদিকরা জানান, তথ্য যাচাই এবং সংবাদের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া সাংবাদিকতার অন্যতম মূল নীতি। কিন্তু কর্মকর্তা যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্যের সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়ছে, যা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে বড় বাধা। এতে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত জরুরি ও নির্ভুল তথ্য সময়মতো পৌঁছানো বাধাগ্রস্ত হচ্ছে।
​এ বিষয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। পরবর্তীতে খুদে বার্তা পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সাড়া মেলেনি।
​স্থানীয় গণমাধ্যমকর্মীরা মনে করেন, জনস্বার্থে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংবাদকর্মীদের নিয়মিত ও কার্যকর যোগাযোগ থাকা জরুরি। দায়িত্বশীল অবস্থান থেকে কর্মকর্তারা সহযোগিতা করলে দ্রুত ও সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছানো সম্ভব হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top