টঙ্গী বাজার-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজ ও ওভারব্রিজে চরম বিশৃঙ্খলা: অবৈধ দখলে বেহাল অবস্থা, জনভোগান্তি চরমে

ঢাকা ও গাজীপুরের সংযোগস্থল টঙ্গী বাজার এবং আব্দুল্লাহপুর সংলগ্ন বেইলি ব্রিজ ও ওভারব্রিজ এলাকা বর্তমানে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং অবৈধ দখলের কারণে নড়বড়ে হয়ে পড়েছে ব্রিজের সংযোগ ও পারাপারের পথ। ব্রিজের নিচে ও আশেপাশে অবৈধ অটো-রিকশা স্ট্যান্ড, ভাসমান দোকানপাট ও হকারদের দখলের কারণে সাধারণ পথচারীদের হেঁটে চলাচল করাই দায় হয়ে পড়েছে।

স্বরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের নিচের মূল অংশ এবং হেঁটে পারাপারের সরু স্টিলের বেইলি ব্রিজে গাদাগাদি করে বসানো হয়েছে সবজি, কাপড়সহ হরেক রকমের ভাসমান দোকান। পাশাপাশি ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও হাঁটার পথ অবরুদ্ধ হওয়ার মতো অবস্থা। রাতে সঠিক আলোর ব্যবস্থা না থাকায় এবং নড়বড়ে পাতের ওপর দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।

 

স্থানীয় অধিবাসীদের ক্ষোভ:

টঙ্গী বাজার ও আব্দুল্লাহপুর এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, “প্রতিদিন হাজার হাজার মানুষ কাজের তাগিদে এই পথ ব্যবহার করেন। কিন্তু ব্রিজের ওপর দোকান আর অটো-রিকশার দাপটে স্বাভাবিকভাবে হাঁটার কোনো উপায় নেই। ব্রিজটির অবস্থাও বেশ জীর্ণ ও নড়বড়ে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসন দেখেও না দেখার ভান করে আছে।”

টঙ্গী থানা বিএনপির বক্তব্য:

এ বিষয়ে টঙ্গী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ চরম উদ্বেগ প্রকাশ করে জানান, “টঙ্গী বাজার ও আব্দুল্লাহপুর পারাপারের এই গুরুত্বপূর্ণ পথটি দীর্ঘদিন ধরে তদারকহীন অবস্থায় রয়েছে। অবৈধ দখলদার ও চাঁদাবাজ চক্রের কারণে আজ সাধারণ পথচারীরা জিম্মি। আমরা টঙ্গী থানা বিএনপির পক্ষ থেকে দ্রুত এই অবৈধ অটো স্ট্যান্ড ও ফুটপাত দখলমুক্ত করে ব্রিজের সংস্কার এবং আইনশৃঙ্খলা ও শৃংখলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

জনসাধারণের দুর্ভোগ লাঘবে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত টঙ্গী বাজার-আব্দুল্লাহপুর সংলগ্ন এই বেইলি ব্রিজ সংস্কার ও অবৈধ দখলদারদের উচ্ছেদে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top