১৫ হাজার রান হতে বিরাট কোহলির প্রয়োজন ছিল মাত্র ৫৯ রান। তাতে শচিন টেন্ডুলকারের কম ম্যাচে ১৫ হাজার রান করার রেকর্ড ভেঙে দেবেন তিনি। সেটাই হলো শেষ পর্যন্ত। ৫৯ রানই নয় শুধু, ক্যারিয়ারের ৫৫তম ওয়ানডে সেঞ্চুরিটাও করলেন ভারতের সাবেক এই অধিনায়ক।
ভারতের ইনিংসের ২৯তম ওভারে আলজারি জোসেফকে মিড উইকেট দিয়ে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারে ১৫ হাজার রান পূর্ণ করেন কোহলি। ৩১৫ ম্যাচে এই রান করেছেন তিনি। ৫৮.৫৯ গড় ও ৯৪ স্ট্রাইক রেটে রান করেছেন কোহলি।
থিরুভানান্তাপুরমে বিরাট কোহলি দেখিয়ে দিলেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য পুরোপুরি তৈরি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ১৫,০০০ রানের মাইলফলক পার করলেন তিনি।
একদিনের ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় শীর্ষে রয়েছেন শচিন টেন্ডুলকার। তিনি করেছেন ১৮ হাজার ৪২৬ রান। দ্বিতীয় স্থানে কোহলি। তবে শচিনের থেকে কম ম্যাচ খেলে এই নজির গড়েছেন তিনি। শচিন ১৫ হাজার রানে পৌঁছাতে খেলেছিলেন ৩৮৭ ম্যাচ। অর্থাৎ, শচিনের চেয়ে ৭২টি ম্যাচ কম খেলে ১৫ হাজার রান করেছেন কোহলি।
টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের পর এখন শুধু ওয়ানডে ক্রিকেট খেলেন কোহলি। ভারতের জার্সিতে থিরুভানান্তাপুরমের ইনিংসের আগের ১০ ইনিংসে তার রান যথাক্রমে ৭৪*, ১৩৫, ১০২, ৬৫*, ৯৩, ২৩, ১২৪, ৫, ৬৪ ও ৭৪। অর্থাৎ, শেষ ১০ ইনিংসে তিনটি শতরান ও পাঁচটি অর্ধশতরান করেছেন তিনি। এবারও শতরান করলেন কোহলি।
থিরুভানান্তাপুরমেও কোহলির ব্যাট থেকে রানের বন্যা বইছে। ৭৪ বল খেলে ৬টি ছক্কা ও ৬টি বাউন্ডারিতে সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান তিনি। ওয়েস্ট ইন্ডিজের করা ২৯৫ রানের জবাবে দলকে নিযে যাচ্ছেন জয়ের বন্দরে। এ রিপোর্ট লেখার সময় কোহলির রান ৮১ বলে ১১৬। সেঞ্চুরি করেছেন শুভমান গিলও। ১১০ রান করে আউট হয়েছেন তিনি।




