নেত্রকোনা শহরের বনোয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন ‘সাফা ফার্মেসি’তে ওষুধের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে গোপনে মাদক বিক্রির অভিযোগে ফার্মেসির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ফার্মেসি মালিকের নাম মো. এ এস এম সায়েম ওরফে অভি (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, সায়েম দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে ওষুধের ব্যবসার আড়ালে এলাকায় গোপনে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানা-পুলিশের একটি দল ওই ফার্মেসিতে অভিযান চালায়। অভিযানকালে মাদক বিক্রির প্রমাণসহ তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



