দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যেই পুনরায় চালু হতে যাচ্ছে জয়পুরহাটের ঐতিহ্যবাহী জামালগঞ্জ রেলস্টেশন।
শনিবার ৩১ অক্টোবর বেলা ১১টায় জামালগঞ্জ জিটিসি মোড়ে স্টেশনটি পুনরায় চালু ও ‘ক্লোজিং ডাউন’ প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আব্দুল বারী।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, জামালগঞ্জ রেলস্টেশন পুনরায় চালুর বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
প্ল্যাটফর্ম নিচু থাকা ও নষ্ট হয়ে যাওয়া স্লিপারের সংস্কারকাজ সম্পন্ন করে দ্রুততম সময়ে স্টেশনটি সচল করা হবে।
ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের তাৎক্ষণিক যাত্রাবিরতি সম্ভব না হলেও রাজশাহী ও খুলনাগামী ট্রেনগুলোর যাত্রাবিরতি নিশ্চিত করার বিষয়ে মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান তিনি।
আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল ও সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘদিন স্টেশনটি বন্ধ থাকায় যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে চড়ম ভোগান্তিতে ছিলেন স্থানীয়রা। স্টেশনটি পুনরায় সচল হওয়ার আশ্বাসে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়দের প্রত্যাশা, এটি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে।




