সরকারের যত ঘনিষ্ঠই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়: আইনমন্ত্রী ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সরকারের যত ঘনিষ্ঠ ব্যক্তিই হোন না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ইস্যুতে তিনি বলেন, কেউ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করলে সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত ব্যবস্থা নেবেন।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, প্রচলিত আইনে এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো আইনগত বাধা নেই। শিক্ষকরা আগে যেভাবে নির্বাচনে অংশ নিতেন, এবারও সেভাবেই অংশ নিতে পারবেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, সরকার এ নির্বাচন নিয়ে আশাবাদী। বিগত নির্বাচনগুলোর তুলনায় আরও ভালো নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এসব পরিকল্পনা যথাসময়ে প্রকাশ পাবে বলে জানান তিনি। একই সঙ্গে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগে কোনো অনিয়মের খবর তিনি পাননি। সার ডিলার নিয়োগ ও সার বরাদ্দের ক্ষেত্রে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কাজ করছে বলেও জানান তিনি।
এর আগে সোমবার সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবলসংকট নিরসন এবং সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এমএ মজিদ, সিভিল সার্জন মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top