৫ নভেম্বর ২৬, বিকেল ৫:৩০ তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করা এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে আজ জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২’ এর জমকালো উদ্বোধন।
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য জনাব তারেক রহমান।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব আব্দুল্লাহ আল মাহবুব। এ সময় কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মৌদুদ আলম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের বিপথগামিতা থেকে ফিরিয়ে সুস্থ ধারায় পরিচালিত করতে এবং খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের স্বপ্ন দেখাতে এ ধরনের প্রতিযোগিতা অনন্য ভূমিকা রাখবে। স্থানীয় ক্রীড়ামোদীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।




