জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শশাক্ষেত রক্ষায় খেতে চারপাশে টাঙানো হয়েছিল বৈদ্যুতিক তার। বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিব ওই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, শিয়ালের উপদ্রব থেকে শশা ক্ষেত রক্ষার জন্য কৃষক আবু বক্কর জমির চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিলেন। শনিবার রাতে উক্ত ব্যক্তি শশা খাওয়ার জন্য ওই ক্ষেতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
রোববার সকালে মাঠে কাজ করতে গিয়ে এক কৃষক শশা ক্ষেতের মধ্যে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় সাকিবকে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি দেখতে পান।
খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




