বেতন-ভাতার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সড়ক অবরোধ করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর সড়ক অবরোধ করে। তবে কোন কোন গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন সে বিষয়টি বলতে পারেননি তিনি।
এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, গার্মেন্টস কর্মীদের আন্দোলনের জন্য এই মুহূর্তে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িক ব্যাহত হচ্ছে।




