টানা বৃষ্টিতে নেপালের বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশটির ৪৯টি জেলায় আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
ভারত ও নেপালে ভারী বৃষ্টি ও ঝড়ে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭০ জনে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এর মধ্যে ভারতে ৫৬ জন এবং নেপালে ১৪ জনের মৃত্যু হয়েছে। নেপালে এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন।
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। বিশেষ করে উত্তর প্রদেশে রবিবার নতুন করে নদ-নদীর পানি বাড়তে শুরু করায় বন্যার আশঙ্কা আরও তীব্র হয়েছে।
রাজ্যের নিচু এলাকাগুলো ইতোমধ্যে প্লাবিত হয়েছে এবং বহু ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর প্রদেশসহ উত্তরাঞ্চলের কয়েকটি রাজ্যে আরও ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে উভয় দেশের প্রশাসন উদ্ধার অভিযান জোরদার করেছে। সেনাবাহিনী, দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে পানিবন্দি মানুষকে উদ্ধার ও ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধসহ ত্রাণ বিতরণ করছে।




