চট্টগ্রামের মীরসরাই উপজেলার অন্যতম শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন ‘প্রজন্ম মীরসরাই’ এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মীরসরাই সদরস্থ নবী সওদাগর মার্কেটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি শাহেদ নূর।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. খাইরুল মোস্তফা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা জনাব আব্দুল আউয়াল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক রুহী মোস্তফা।
পরিচালক গোলাম রব্বানী, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ ভূইয়া এবং সাবেক সভাপতি নুরুল আলম।
উদ্বোধকের বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. খাইরুল মোস্তফা বলেন, একটি সুন্দর সমাজ গঠনে তরুণদের সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ডের বিকল্প নেই। প্রজন্ম মীরসরাই শুরু থেকেই এলাকার শিক্ষানুরাগী ও মানবিক কাজের মাধ্যমে নিজেদের অনন্য অবস্থান তৈরি করেছে। নতুন এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং যুবসমাজ আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে এলাকার কল্যাণে কাজ করতে পারবে বলে আমি আশা করি।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা জনাব আব্দুল আউয়াল চৌধুরী বলেন, প্রজন্ম মীরসরাই প্রতিষ্ঠার পর থেকেই এলাকার শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। নতুন এই কার্যালয় চালুর মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সহজতর হবে বলে আমি বিশ্বাস করি। তরুণদের এই ঐক্য সমাজ পরিবর্তনে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের পৃষ্ঠপোষক রুহী মোস্তফা নারী জাগরণ ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, একটি আলোকিত সমাজ গঠনে নারীদের পিছিয়ে রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। নারী জাগরণ ও তাদের মেধার সঠিক মূল্যায়নের মাধ্যমেই সমাজকে সামনে এগিয়ে নিতে হবে। প্রজন্ম মীরসরাইয়ের মতো তরুণ সংগঠনগুলো যখন যুবসমাজকে সাথে নিয়ে কাজ করে, তখন নারীদের অধিকার ও অগ্রগতির পথ আরও সুগম হয়। নতুন এই কার্যালয় থেকে সংগঠনের প্রতিটি কার্যক্রমে নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ ও নারীর ক্ষমতায়নে ইতিবাচক পদক্ষেপ অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সাংগঠনিক সম্পাদক জয় বড়ুয়া আদি, সহ-অর্থ সম্পাদক সাদেক হোসেন রোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম বাদশা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশান কুমার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম হোসেন, কার্যকরী সদস্য হাসান সাকিব ও কাজী তানজিম ইবনে মাইনুল এবং সদস্য ফারহান তানভীর শুভ, ইমাম হোসেন ও মো. ইয়াসিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে নতুন কার্যালয়ের শুভসূচনা করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।




