নওগাঁর মান্দায় পাত্রী দেখানোর কথা বলে এক বৃদ্ধকে ডেকে নিয়ে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো. জাকারিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মান্দা থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মীর মো. আনোয়ার হোসেন (৬২) রাজশাহীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকার বাসিন্দা। ছেলের জন্য পাত্রী দেখানোর কথা বলে তার পূর্বপরিচিত এক নারী গত ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে তাকে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে যান।
অভিযোগে বলা হয়, গ্রেপ্তার জাকারিয়ার পরিকল্পনায় অন্য আসামিরা পরস্পরের যোগসাজশে ওই বৃদ্ধকে মারধর করেন। একপর্যায়ে অপর এক নারী আসামির সঙ্গে তাকে জোরপূর্বক অশ্লীল ও নগ্ন ছবি এবং ভিডিও ধারণ করা হয়। পরে এসব ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গেও মোবাইল ফোনে যোগাযোগ করা হয়।
পরিস্থিতি বুঝতে পেরে আসামিদের দাবিকৃত টাকা দেওয়ার কথা বলে ভুক্তভোগীর আত্মীয়স্বজন ওই দিন দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করেন। পরে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মান্দা থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ১১। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১)/৮(২) ধারা এবং দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৩৮৫, ৫০৬ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগে মোহনপুর ও মান্দা থানায় আরও তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




