টেকনাফ ও উখিয়া সীমান্তে বিজিবির অভিযান, ১৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে একজন কাভার্ড ভ্যানচালকসহ চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ অক্টোবর রাত ১০টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির পেছনের সিট কাভারের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক মো. সাইফুল ইসলাম (৩৬) কে আটক করা হয়। তিনি চট্টগ্রামের বাসিন্দা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এদিকে, একই দিন রাত ১২টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তে অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাসেল (২৩), খাইরুল আমিন (২৪) ও শাকিল (২২)। বিজিবি জানায়, তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি খাল থেকে আরও ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, দুটি অভিযানে উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ৪ লাখ ৬০ হাজার পিস। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top