কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরির আহ্বান
নেত্রকোনার কলমাকান্দায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে নারী-পুরুষের সমান সুযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ও নারী নেত্রী কলি আক্তার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম এবং এনজিও পারির মনিটরিং অফিসার তপন কুমার সাহা প্রমুখ।
বক্তারা বলেন, কন্যাশিশুর সুস্থ ও নিরাপদভাবে বেড়ে ওঠা, মানসম্মত শিক্ষা এবং নিজের প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করা একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করার পাশাপাশি বাল্যবিবাহ, নির্যাতন ও নানা ধরনের সামাজিক প্রতিবন্ধকতা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, কন্যাশিশুর অধিকার রক্ষায় শুধু আনুষ্ঠানিকতা নয়, প্রয়োজন বাস্তবভিত্তিক উদ্যোগ ও সামাজিক সচেতনতা। প্রতিটি কন্যাশিশু যেন নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণের সমান সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও সম্ভাবনার বিকাশে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সচেতন, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত ব্যক্তিরা।




