কখনোই টেস্ট না খেলা চাহাল বিদায় বললেন প্রথম শ্রেণির ক্রিকেটকে

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ফলে ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলার দীর্ঘদিনের স্বপ্ন কখনো পূরণ হলো না এই স্পিনারের। তবে সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে ফেরার দরজা খোলা রেখেছেন ৩৬ বছর বয়সী এই লেগস্পিনার।
ভারতের হয়ে এখন পর্যন্ত ওয়ানডেতে ৭২ এবং টি-টোয়েন্টিতে ৮০ ম্যাচে মাঠে নেমেছেন চাহাল। তবে টেস্ট দলে জায়গা করে নিতে পারেননি তিনি। ভারতের স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মতো দুই তারকা থাকায় টেস্ট খেলার সুযোগ থেকে দূরেই থাকতে হয়েছে তাকে।
ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে চাহাল লেখেন, ‘আমার জন্য লাল বলের ক্রিকেট শুধু মাত্র একটি সংস্করণ ছিল না। এখানেই আমি শিখেছি ধৈর্য, ক্রিকেটীয় চরিত্র, দৃঢ়তা এবং ঘণ্টার পর ঘণ্টা মাঠে থেকে প্রতিটি রান ও উইকেটের জন্য লড়াই করার নির্মল আনন্দের অর্থ শিখেছি।’
২০০৯ সালে হরিয়ানার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় চাহালের। ৪৯ ম্যাচে ৩২.২৭ গড়ে তার ঝুলিতে আছে ১৪৮ উইকেট। ২০২৬ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলেছেন তিনি। দ্বিতীয় বিভাগে ১৬.১৪ গড়ে নিয়েছেন ২১ উইকেট।
অবসরের ঘোষণায় চাহাল আরও লেখেন, ‘লর্ডসে আমার শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছি। এই কথাগুলো বলা আবেগের। কারণ টেস্ট ক্যাপ সবসময়ই আমার স্বপ্ন ছিল, বহু বছর ধরে সেটি বয়ে বেড়িয়েছি। সেটি হয়তো বাস্তবে আসেনি, তবে আমার যাত্রা নিয়ে আমি সত্যিই সন্তুষ্ট এবং এই সংস্করণে পাওয়া প্রতিটি সুযোগের জন্য ভীষণ কৃতজ্ঞ।’
হরিয়ানার হয়ে তার লাল বলের ক্রিকেটে উপস্থিতিও সাম্প্রতিক বছরগুলোতে কমে গিয়েছিল। ২০১৬-১৭ মৌসুমের পর আর কোনো রঞ্জি ট্রফি মৌসুমে দুইয়ের বেশি ম্যাচ খেলেননি তিনি। ওই মৌসুমে সাত ম্যাচে ২২.৬০ গড়ে নিয়েছিলেন ৩৩ উইকেট।
তবে সাদা বলের ক্রিকেট থেকে এখনই সরে যাচ্ছেন না চাহাল। ভারতের হয়ে তার সর্বশেষ ম্যাচ ২০২৩ সালের আগস্টে হলেও আবার জাতীয় দলের জার্সি পরার আশা ধরে রেখেছেন তিনি।
তিনি বলেন, ‘আমি এখনো শেষ হয়ে যাইনি। দেশের হয়ে খেলার ক্ষুধা এখনো তীব্রভাবে আছে। আমি বিশ্বাস করি, আমার মধ্যে এখনো ক্রিকেট বাকি আছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আরেকটি সুযোগ পাওয়ার জন্য আমি সবকিছু দিয়ে চেষ্টা করবো।’
আইপিএলেও চাহাল এখনো গুরুত্বপূর্ণ নাম। টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি এবং বর্তমানে খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে।
নিজের দীর্ঘ ক্যারিয়ারকে স্মরণ করে চাহাল লিখেছেন, ‘১০ বছর বয়সে প্রথম লাল বল হাতে নেওয়া থেকে শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলা, এটি ছিল অসাধারণ এক যাত্রা।’

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top