কক্সবাজারে সিএনজি অটোরিকশা থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার, জব্দ গাড়ি

কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ খুরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে যান সন্দেহভাজন দুই ব্যক্তি।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খুরুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ব্যাটালিয়নের সদর কোম্পানির একটি আভিযানিক দল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ছলিম উল্লাহ ও তাঁর এক অজ্ঞাতনামা সহযোগী সিএনজি অটোরিকশাটি ফেলে পালিয়ে যান। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

এসআরবি-১৫ আরও জানায়, এ ঘটনায় ছলিম উল্লাহ ও তাঁর অজ্ঞাতনামা সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদক পাচার প্রতিরোধ এবং এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

গত ১২ অক্টোবর এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top