এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্য নিয়েই জাপানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্টের আগে অধিনায়ক লিটন দাসও নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন। এবার তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে পেস বোলিং কোচ তালহা জুবায়েরও সোনার পদক জয়ের আশা প্রকাশ করেছেন।
জাপানের কন্ডিশন বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কিছুটা অচেনা হলেও উইকেটের ধরন নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করেছে দল। দেশটির উইকেট সম্পর্কে পরামর্শ নেওয়া হচ্ছে বাংলাদেশের সাবেক পিচ কিউরেটর গামিনি ডি সিলভার কাছ থেকেও। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাপানে ভালো করার প্রত্যাশা তালহার।
তিনি বলেন, ‘উইকেট তো অচেনা, কিন্তু তারপরেও কিছু আইডিয়া আমরা নিয়েছি। আশা করি আমরা দলীয়ভাবে ভালো কিছু করে আসতে পারব। গামিনির সঙ্গে আলাপ করে আইডিয়া নেব আবারও।’
জাপানে উইকেট ধীরগতির হওয়ার সম্ভাবনাকেও ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের পেস বোলিং কোচ। তার মতে, এমন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা থাকায় বাংলাদেশের ক্রিকেটাররা সুবিধা পেতে পারেন। তবে সাফল্যের জন্য ব্যাটার, স্পিনারসহ দলের প্রত্যেক খেলোয়াড়কেই দায়িত্ব নিতে হবে।
তালহা বলেন, ‘এই ধরনের উইকেট হলে অবশ্যই আমাদের পক্ষে থাকবে। আমরা জানি এই ধরনের উইকেটে কীভাবে খেলতে হয়। দায়িত্ব থাকবে ব্যাটার, স্পিনার, সবমিলিয়ে সকল প্লেয়ারদের ওপর।’
এশিয়ান গেমসে বাংলাদেশের অভিযান শুরু হবে ২৮ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে বেলা ১১টায় বাংলাদেশের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। ‘বি’ গ্রুপে হংকং, মালয়েশিয়া ও ওমানের মধ্যকার চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
প্রথম ম্যাচে জিততে পারলে ১ অক্টোবর বেলা ১১টায় সেমিফাইনালে নামবে বাংলাদেশ। আর সোনার পদকের লড়াইয়ের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।




