বাগেরহাটের রামপালে শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খুলনা জেলার ফুলতলা থানার লারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান।
গ্রেপ্তার আসামিরা হলেন, রামপাল উপজেলার কিসমত চণ্ডিতলা গ্রামের জাফর শেখের ছেলে বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ (৫২)।
এসআরবি-৬ সূত্র জানায়, মৎস্য ঘের ও বসতবাড়ির জায়গা-জমি নিয়ে বাদীপক্ষের সঙ্গে আসামিপক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ২১ সেপ্টেম্বর রামপাল উপজেলার চণ্ডীতলা গ্রামে বাদীর বাড়ির সামনের ইটের সলিং রাস্তায় আসামিরা বাদীর বাবাকে নিয়ে গালাগাল ও তুচ্ছ-তাচ্ছিল্য করেন। এ সময় বাদীর ছোট ভাই শেখ আহাদ আহমেদ ঘর থেকে বের হয়ে রাস্তায় এলে তাঁকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা করেন।
এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান জানান, এসআরবি-৬, সদর কোম্পানির একটি দল মামলার এজাহার বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্তের পর খুলনার ফুলতলার লারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। পরে তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।




