জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে সর্বশেষ সাক্ষী হিসেবে আজ রোববার মামলার বাদী উপ-সহকারী পরিচালক জাকির হোসেনের জবানবন্দি গ্রহণ করেন।
এরপর সিয়ামের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম তাকে জেরা শেষ করেন। আগামী ২৪ সেপ্টেম্বর আসামি সিয়ামের আত্মপক্ষ শুনানির দিন রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম।
সোহানুর প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে। তার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।
আজ সিয়ামের জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট রেজাউল করিম। দুদকের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জামিনের বিরোধীতা করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।
মামলাটিতে ১১ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেয়ার কথা জানিয়েছেন আরিফুল ইসলাম।
এদিন শুনানিকালে সিয়ামকে আদালতে হাজির করা হয়। গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত।



