ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কি বসে বসে আমলকী চুষবে? ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের মানুষ প্রস্তুত।’
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘১৬ ডিসেম্বর তিনি ঢাকা দখল করবেন, আর আমাদের দেশের জনগণ আমলকী চুষতে থাকবে? এই দেশ একটি গর্বিত ও অহংকারের দেশ। যারা নিজের রক্ত দিয়ে নিজের স্বাধীনতা অর্জন করেছে।’
তিনি আরও বলেন, ‘৩০ লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছে, দুই লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীন পতাকা ও ভূখণ্ড পেয়েছি। আমাদের অহংকারের জায়গা হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব। আমাদের এক ইঞ্চি মাটিতেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না।’
ভারতের ওই মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, নিচের পর্যায়ের কোনো কর্মী এ ধরনের কথা বললে হয়তো বিষয়টি এভাবে বিবেচনা করা হতো না। কিন্তু একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি এমন বক্তব্য দিলে তা প্রতিবাদের দাবি রাখে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো হুমকি মেনে নেওয়া হবে না। এ দেশের মানুষ নিজেদের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ।
সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন রিজভী। তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে নির্দেশনা পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবশিষ্টাংশ দেশে অগ্নিসংযোগ, হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে অতীতের মতো দমন-পীড়নের পথে না গিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এর আগে পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়ে বক্তব্য দেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। বাংলাদেশের হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়ার কথাও বলেন তিনি। তার এই বক্তব্য ঘিরে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।
সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমান উল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



