ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালের দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভেটেরিনারি সার্জন ডা. মো. আসমাউল ইকবাল মৃদুলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান।
এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




