দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করেছে সিলেট সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়ন। চলতি বছরে তাদের বিশেষ টহল ও অভিযানে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাতের টহল ও জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।
সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এসব প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এ ছাড়া নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় বিভিন্ন নৌযান এবং অল-টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করে টহল পরিচালনা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরে সিলেট সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামিসহ ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর, ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। একই সময়ে ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবির নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য প্রদান ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণ বিজিবিকে সহযোগিতা করছেন।
এ ছাড়া সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে কাজ করছে বিজিবি।
সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়ন।




