কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলের

তাড়াইল ও করিমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়ন দেওয়ার দাবি উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও তৃণমূল নেতাকর্মীদের  মাঝে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ এবং পরিবারের ত্যাগের বিষয়টি সামনে এনে সমর্থকরা তাঁকে এই আসনে প্রার্থী হিসেবে বিবেচনার দাবি জানাচ্ছেন। তৃণমূল কর্মীদের ভাষ্য অনুযায়ী, গুরুদয়াল সরকারি কলেজের ভিপি এবং জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি ছাত্র রাজনীতির কঠিন পথ পাড়ি দিয়েছেন। শূন্য থেকে উঠে আসায় স্থানীয় সাধারণ মানুষ ও দলের কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে।
​ প্রতিকূল রাজনৈতিক বাস্তবতার মধ্যেও পূর্ববর্তী সরকারের সময়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। স্থানীয় সরকার ব্যবস্থায় কাজ করার এই বাস্তব অভিজ্ঞতা ও জনসেবার অতীত কর্মকাণ্ডকে নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অনুসারীরা।
​সমর্থকদের দাবি, গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে আন্দোলনে সক্রিয় থাকাকালে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। সংকটময় সময়ে রাজপথে থাকার এই অবস্থানকে তাঁর সাহসিকতার প্রমাণ হিসেবে তুলে ধরছেন দলীয় কর্মীরা।
​ রাজনৈতিক মামলা ও হয়রানির কারণে তাঁকে একাধিকবার কারাগারে যেতে হয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। সমর্থকদের তথ্যমতে, রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়ে তাঁর ৮২ বছর বয়সী বৃদ্ধ বাবা বিএনপির সাবেক সাংসদ কিশোরগঞ্জ মুক্ত কারী কম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহামেদ সহ পরিবারের পাঁচ ভাইকে একসাথে কারাবরণ করতে হয়েছিল।
​​স্থানীয় নেতাকর্মীদের  মতে, যিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, ব্যক্তিগতভাবে ঝুঁকি নিয়েছেন এবং যাঁর পুরো পরিবারকে কারাবরণের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তাঁর প্রতি আস্থা রাখা দলীয় মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে। সমর্থকদের বিশ্বাস, কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়ন দেওয়া হলে ত্যাগী কর্মীদের মাঝে উদ্দীপনা বাড়বে এবং সাধারণ ভোটারদের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছাবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top