নিরাপত্তাঝুঁকিতে গোপালগঞ্জ, ট্রেন-থানা বন্ধের পাশাপাশি স্থগিত সরকারি বরাদ্দ

গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম শিগগিরই চালু হওয়ার সম্ভাবনা নেই। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। একই সঙ্গে জেলার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি বরাদ্দের তৃতীয় কিস্তির অর্থও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এসব বরাদ্দের অর্থ ছাড় করা হবে না।
গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও নাশকতার ঘটনার পর থেকে গোপালগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে না।
একসময় গোপালগঞ্জের ওপর দিয়ে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। এর মধ্যে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ঢাকা থেকে গোপালগঞ্জগামী অভিযাত্রী কমিউটার, ঢাকা থেকে কাশিয়ানী হয়ে বেনাপোলগামী রূপসী বাংলা, ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস এবং ভাঙ্গা থেকে ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস রয়েছে। গত ১৫ নভেম্বর থেকে এসব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েছেন।
এদিকে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও কবে নাগাদ চালু হবে, তা এখনো অনিশ্চিত। থানা দুটিতে অগ্নিসংযোগের পর থেকে সেখানে পুলিশি কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালনা করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত থানা ভবনগুলোর সংস্কারকাজ এখনো শুরু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে সংস্কারকাজ শুরু করার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী গণমাধ্যমকে জানান, ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। পুড়িয়ে দেওয়া দুই থানার পুলিশ সদস্যরা এখনো গোপালগঞ্জ জেলাতেই কর্মরত রয়েছেন। তবে থানা দুটির কার্যক্রম কবে নাগাদ স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তিনি।
অন্যদিকে গোপালগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি বরাদ্দের তৃতীয় কিস্তির অর্থ ছাড় না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বরাদ্দ অন্তর্ভুক্ত রয়েছে। আগামী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই অর্থ স্থগিত থাকবে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান পুড়িয়ে দেওয়া, পুলিশ বক্স ভাঙচুর, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর এবং স্থানীয় বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পরপরই গোপালগঞ্জের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।
এরপর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এতে থানা দুটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে সাধারণ ডায়েরি (জিডি) করা, মামলা দায়েরসহ প্রয়োজনীয় পুলিশি সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে।
এর রেশ কাটতে না কাটতেই গত ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সরকার বলপ্রয়োগের পথে যাবে না। এমনকি মারণাস্ত্রও ব্যবহার করা হবে না বলে সরকারের অবস্থানের কথা জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে গাছ কেটে সড়ক অবরোধ কিংবা বাড়িঘরে হামলার মতো ঘটনা ঘটলেও সরকারের অবস্থানে পরিবর্তন আসবে না।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির গণমাধ্যমকে জানান, পুড়িয়ে দেওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এ জন্য কিছুটা সময় লাগবে। একই সঙ্গে বন্ধ থাকা ট্রেন চলাচলও পুনরায় চালু হতে সময় লাগবে।
তিনি আরও জানান, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি কর্মসূচি থাকায় হামলা ও ভাঙচুরের আশঙ্কা রয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকা এসব সেবা চালুর সম্ভাবনা কম।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

নেছারাবাদে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

পিরোজপুরের নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান,বর্ণাঢ্য র‍্যালি ও

Scroll to Top