কুয়াকাটায় গঙ্গাস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা

জাগতিক পাপমোচন ও পুণ্যলাভের আশায় সমুদ্রের নোনা জলে গঙ্গাস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী আড়াইশ বছরের রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকতে পুণ্যস্নানে অংশ নেন দেশ-বিদেশ থেকে আসা হাজারো সনাতন ধর্মাবলম্বী।

স্নানের আগে ধর্মীয় রীতি অনুযায়ী মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। অনেকে পূর্বপুরুষদের স্মরণে এবং মানত পূরণের আশায় মাথা ন্যাড়া করে পিণ্ডদান করেন। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখর হয়ে ওঠে পুরো সমুদ্রসৈকত।

পুণ্যস্নান শেষে ভক্তরা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন। এর আগে সোমবার রাতভর চলে ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্তন ও পূজার্চনা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কুয়াকাটায় রাস উৎসবের মূল পর্ব শেষ হলেও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে আরও তিন দিন এ উৎসব চলবে।

উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকত এলাকায় থানা-পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দ্বাপর যুগে মানবতা রক্ষায় কংস রাজাকে বধের পর পূর্ণিমা তিথিতে রাধা-কৃষ্ণের অপার্থিব প্রেমের লীলার মধ্য দিয়ে রাস উৎসবের প্রচলন ঘটে। সেই বিশ্বাস ও ধর্মীয় ঐতিহ্যকে ধারণ করে সত্য ও সুন্দরের জয় কামনায় প্রায় আড়াইশ বছর ধরে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে কুয়াকাটায় রাস উৎসব উদ্‌যাপন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top