নেত্রকোনার মদন পৌর এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে সৃষ্ট সংঘর্ষ থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামে এক প্রবীণ জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে তিনি একটি চোখ হারিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মদন পৌরসভায় চলাচলরত যানবাহন থেকে টোল আদায়ের ইজারা নেন মুফতি রায়হান আহমেদ। সোমবার দুপুরের দিকে ময়মনসিংহ থেকে মদনের উদ্দেশ্যে আসা একটি যাত্রীবাহী সিএনজি থেকে ২০ টাকা টোল আদায় নিয়ে চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে টোল আদায়কারী ও সিএনজিচালকের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে মারামারি শুরু হয়। সে সময় ওই সিএনজিতে থাকা প্রবীণ জুলাই যোদ্ধা আব্দুল বারেক পরিস্থিতি শান্ত করতে ও মারামারি থামাতে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ। আটক আতিকুল পৌর এলাকার আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম জানান, অভিযুক্ত টোল আদায়কারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




