পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৫০০ বোতল ‘ম্যাজিক পেইন রিলিফ’ ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধামেরঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. জহুরুল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট এলাকা থেকে এসব ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা ট্যাবলেটগুলো সীমান্ত পিলার ৭৬৮/৩৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া যায়। এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করার তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। মানব পাচার, অবৈধ অস্ত্র ও মাদকের অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি।
তিনি আরও জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ৫৬ বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। সীমান্তে মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।




