গোয়াইনঘাটে টিনের চালের পানি পড়া নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে যুবক নিহত

সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো ছুরির আঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম ও আমির হোসেনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমকে প্রতিপক্ষের লোকজন হাতে কোপ দেন বলে জানা গেছে।

এর জের ধরে আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করে।

এদিকে, সামান্য বিষয়কে কেন্দ্র করে এমন প্রাণহানির ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top