পিরোজপুর সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার ৬ নম্বর শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের রানীপুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরিফ শেখের পোল্ট্রি ফার্মের সামনের সড়ক থেকে তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম-সেবার নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসআই আবদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের দলটি রানীপুর বটতলা এলাকায় আরিফ শেখের পোল্ট্রি ফার্মের সামনের সড়কে অভিযান চালিয়ে তাঁকে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তাঁকে পিরোজপুর সদর থানায় নেওয়া হয়।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল-মাহাবুব জানান, গ্রেপ্তার আরিফ শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রবিবার তাঁকে আদালতের মাধ্যমে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




