মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে পারিবারিক লেনদেন সংক্রান্ত শালিশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মুক্তার হোসেন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় ও ঘটনাস্থল সূত্রে জানা যায়, ২১ নভেম্বর রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে পারিবারিক লেনদেনকে কেন্দ্র করে একই গোষ্ঠীর শাহাজান পক্ষ ও জহুর পক্ষের মধ্যে পারিবারিক শালিশ ডাকা হয়। শালিশকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।




