টানা দুই থেকে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কেশবপুরের জনজীবনে নেমে আসা স্থবিরতা কাটতে শুরু করেছে। শনিবার সকাল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় স্বস্তি ফিরেছে দিনমজুর, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের মধ্যে। বৃষ্টির বিরতি পাওয়ায় উপজেলার সড়কগুলোতে ধীরে ধীরে বাড়ছে মানুষের উপস্থিতি ও যানবাহন চলাচল; ফিরছে চিরচেনা কর্মচাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, অবিরাম বৃষ্টির কারণে গত কয়েকদিন স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে ব্যাঘাত ঘটে। সড়কে মানুষের চলাচল ও যানবাহন কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন শ্রমজীবীসহ সাধারণ মানুষ। তবে আকাশের পরিস্থিতি তুলনামূলক অনুকূলে আসায় কাটতে শুরু করেছে সেই অস্বস্তিকর অবস্থা। স্থানীয়দের প্রত্যাশা, আবহাওয়া এমন থাকলে দ্রুতই জনজীবন পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।
এদিকে আবহাওয়ার উন্নতির পরপরই উপজেলায় বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া জমিতে কেটে রাখা আমন ধান সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। কৃষি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে কেশবপুর উপজেলায় মোট ৭ হাজার ৭৬১ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।




