নওগাঁর পোরশা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিএনপি, যুবদলসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পোরশা থানা পুলিশের টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, মোড় ও জনবহুল এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন। এ সময় সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারির পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
অন্যদিকে, সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপি ও যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকলে পোরশায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।




