নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

‎নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা, সামাজিক শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পোরশা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
‎ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপপরিচালক মো. মারুফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
‎অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন পোরশা উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আবু জাফর সিদ্দিক। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলামের দৃষ্টিভঙ্গি, পারস্পরিক সহনশীলতা ও করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পোরশা উপজেলার মউশিক শিক্ষক মাওলানা নূরমোহাম্মদ।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের ঐতিহ্য ধারণ করে আসছে। এ ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
‎তারা আরও বলেন, সমাজে অশান্তি ও বিভেদ সৃষ্টির লক্ষ্যে ছড়ানো গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মউশিক শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
‎

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top