সৃজনশীল ও সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে জয়পুরহাটের কালাই উপজেলায় অনুষ্ঠিত হলো ‘উদ্যোগ (UDYOG)’ শীর্ষক বিশেষ প্রচার কার্যক্রম ও সেমিনার। উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ এবং তাদের সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকাল ১১টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল তফসিলি ব্যাংকের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, কালাই শাখা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে ‘উদ্যোগ’ কর্মসূচির বিশদ নীতিমালা ও ব্যাংকিং সহায়তার নানা দিক তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার যুগ্ম পরিচালক মোঃ মাহফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।
বক্তারা বলেন, বেকারত্ব দূর করে স্থানীয় অর্থনীতিকে বেগবান করতে তরুণ উদ্যোক্তাদের বিকল্প নেই। সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় পুঁজির জোগান পেলে কালাইয়ের তরুণরা কৃষি, প্রাণিসম্পদ ও ক্ষুদ্র শিল্পে নতুন বিপ্লব ঘটাতে সক্ষম হবে। সেমিনারে উদ্যোক্তা হওয়ার প্রক্রিয়া এবং ব্যাংক ঋণ প্রাপ্তির সহজ শর্তাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
লিড ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, কালাই শাখার ব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অগ্রণী ব্যাংক পিএলসি, কালাই শাখার ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সোহেল তালুকদার এবং আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল খয়ের গোলাম মওলা।
এছাড়াও সেমিনারে উপজেলার সকল ব্যাংকের শাখা ব্যবস্থাপক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, ৫টি ইউনিয়ন পরিষদের প্যানেল সদস্য এবং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেন।




