জার্মানিতে Phoenix Contact নামের একটি প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় অংশ নিয়ে দলগতভাবে চ্যাম্পিয়ন হয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান অর্জন করেছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার নিজ সেনবাগ গ্রামের কৃতী সন্তান নাফিসা তাবাসসুম ফ্রিমা। তিনি সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক ও জার্মান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নেছার উদ্দিন ভূঁইয়ার কন্যা। তার এ অসাধারণ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টায় সেনবাগ পৌর শহরের সুলতান প্লাজার ভোজন বিলাস রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় পরিচালক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিম চৌধুরীর সভাপতিত্বে এবং আমির হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার স্থানীয় পরিচালক শহীদুল্লাহ মিন্টু। এ সময় বক্তব্য দেন সংস্থার স্থানীয় পরিচালক সাংবাদিক মোহাম্মদ হারুন, নেছার উদ্দিন ভূঁইয়ার বন্ধু অধ্যাপক সাহাব উদ্দিন, নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশনের সদস্য মো. নিজাম উদ্দিন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো এবং নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান।
এ ছাড়া সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় পরিচালক আব্দুল মান্নান বাবলু, হাবিব উল্লাহ, আব্দুর রহমান, রফিকুল ইসলাম রবি ও আবু নাঈমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংস্থার স্থানীয় পরিচালক মুফতি সয়েব কাসেমী। পরে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




