টানা বৃষ্টিতেও টুঙ্গিপাড়ায় রাজপথে বিক্ষোভ, লকডাউনে স্থবির জনজীবন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। টানা বৃষ্টি উপেক্ষা করে নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজপথে নামেন বিক্ষোভকারীরা। সকাল ৮টা থেকে শুরু হওয়া এসব মিছিলে সাত বছর বয়সী শিশু থেকে শুরু করে ৭০ বছর বয়সী বৃদ্ধদেরও অংশ নিতে দেখা যায়।
বিক্ষোভকারীদের হাতে লগি-বৈঠা, ঝাড়ু ও বিভিন্ন দেশীয় সরঞ্জাম দেখা যায়। মিছিল নিয়ে তাঁরা পাটগাতী বাসস্ট্যান্ড, সিঙ্গিপাড়া মোড়, চৌরঙ্গী ও পাটগাতী বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে জড়ো হন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।
বিক্ষোভকারীদের মুখে শোনা যায়, ‘জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরব না’—এমন স্লোগান। পাশাপাশি মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করে সড়কে অবস্থান নেন তাঁরা। কোথাও কোথাও সড়কে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করতে দেখা যায়।
সকাল থেকে টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া বিরাজ করলেও বিক্ষোভকারীরা রাজপথ ছাড়েননি। বেলা ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে মিছিল, স্লোগান এবং অবস্থান কর্মসূচি চলতে থাকে।
১৭ নভেম্বর থেকে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গত ১৭ নভেম্বর সন্ধ্যা থেকেই টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। একপর্যায়ে টুঙ্গিপাড়ার সঙ্গে দেশের অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে অবরোধ অব্যাহত ছিল। সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গুরুত্বপূর্ণ সড়ক ও বিক্ষোভস্থলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়েনি।
বিক্ষোভ, সড়ক অবরোধ ও যান চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার সকাল থেকেই টুঙ্গিপাড়ার স্বাভাবিক জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। টানা বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন বয়সী মানুষের রাজপথে অবস্থান, একের পর এক বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top