গাজীপুরে ফের শ্রমিক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি, আনসার রোডসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে দফায় দফায় অবরোধ ও বিক্ষোভ করছেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

সকাল থেকেই সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা কর্মস্থলে গেলেও কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে তারা দলবদ্ধ হয়ে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এসে সড়ক অবরোধ শুরু করেন। এ সময় কয়েকজন শ্রমিকের হাতে লাঠিসোঁটাও দেখা যায়। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনশ্রমিকরা।

একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।এদিকে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে শ্রীপুর রোড এলাকায় আউট স্পিনিং মিল ও আরএ স্পিনিং মিলের শ্রমিকরা ব্যাপক ভাঙচুর চালান। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের অফিসের কাচ ভাঙচুর করেন এবং অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের প্রভাব পড়েছে আশপাশের শিল্পকারখানাগুলোতেও। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও বিভিন্ন স্থানে তারা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন। ফলে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি মহাসড়কের যান চলাচল।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top